দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ এপ্রিল, ২০২৬) জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে গুরুত্বারোপ করে বলেন, স্থানীয় পর্যায়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেতা-কর্মীদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিপূরক হিসেবে কাজ করতে হবে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না; বরং দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। এছাড়া এলাকার সামগ্রিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি নির্বাচিত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন